বরাক তরঙ্গ, ২০ মে : গুয়াহাটির মহানগরে ফের সামনে এলো এক চাঞ্চল্যকর শিশু বিক্রির ঘটনা। অভিযোগ, মাত্র পাঁচ দিনের এক নবজাতক পুত্র সন্তানকে বিক্রি করে দেয় তারই জন্মদাতা বাবা-মা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পাথরকুঁড়ি এলাকার বাসিন্দা বিনোদ তামুলি এবং তার স্ত্রী নিজেদের নবজাতক সন্তানকে নলবাড়ির এক দম্পতির হাতে তুলে দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তে নামে নুনমাটি পুলিশ। তদন্তের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিনোদ তামুলী ও তার স্ত্রীকে আটক করেছে।
পুলিশ সূত্রে খবর, শিশুটিকে বিক্রির পেছনে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। যদিও ঠিক কত টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করা হয়েছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে বিক্রি হওয়া নবজাতককে উদ্ধারের জন্য নুনমাটি পুলিশের একটি দল ইতিমধ্যেই নলবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ঘটনার পর আবারও শিশু পাচার ও নবজাতক বিক্রির মতো অপরাধ নিয়ে উদ্বেগ বাড়ছে মহানগরজুড়ে।



