সার্থেবাড়িতে অসম বার্তাজীবী সংঘের ৫৩তম প্রতিষ্ঠা দিবস ও বরপেটা জেলা বার্তাজীবী সংঘের দ্বিবার্ষিক অধিবেশন
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : অসমিয়া ভাষা ও জাতির অস্তিত্ব রক্ষা এবং বিকাশের ইতিহাসে অসমিয়া সংবাদপত্র ও সাময়িকপত্রের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পরিচয়, সংস্কৃতি ও আত্মমর্যাদা রক্ষায় সংবাদপত্র যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই ভাষা ও জাতিকে সমৃদ্ধ করতে সংবাদপত্র ও সাময়িকীর কোনও বিকল্প নেই। সাংবাদিকদের অসমের শিল্প-সংস্কৃতির প্রসার ও প্রচারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে তাঁদের আত্মসমালোচনারও প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে সাংবাদিকতা করার পাশাপাশি সাংবাদিকদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মশালার আয়োজন করা উচিত।

বুধবার বরপেটা জেলার সার্থেবাড়িতে অসম বার্তাজীবী সংঘের ৫৩তম প্রতিষ্ঠা দিবস এবং বরপেটা জেলা বার্তাজীবী সংঘের দ্বিবার্ষিক অধিবেশনের প্রকাশ্য সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বিশিষ্ট সাংবাদিক তথা ‘নিয়মীয়া বাৰ্তা’ পত্রিকার সম্পাদক নরেশ কলিতা।

সার্থেবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসম বার্তাজীবী সংঘের সহ-সভাপতি ভাস্কর শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ অক্ষয় কুমার মিশ্র। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময় একই সঙ্গে অত্যন্ত সম্ভাবনাময় এবং চ্যালেঞ্জপূর্ণ। একদিকে সমাজ আলোর পথে এগিয়ে চলেছে, অন্যদিকে নানা অন্ধকার ও সংকট চারদিকে গ্রাস করছে। একসময় ছিল ঔপন্যাসিকদের যুগ, পরবর্তীতে সাংবাদিকতার যুগ এবং বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের সূচনা হয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য নিয়মিত অধ্যয়ন অত্যন্ত জরুরি। শুধু বই পড়লেই হবে না, সমাজ, মানুষ এবং সামাজিক সমস্যাগুলিকেও গভীরভাবে উপলব্ধি করতে হবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি অসম বার্তাজীবী সংঘের কার্যকলাপের প্রশংসা করেন এবং সংগঠনের সদস্যদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানান।
সভায় নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থেকে ভারতীয় বার্তাজীবী মহাসংঘের সহ-সভাপতি ফণীধর দাস সাংবাদিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিকরা তাঁদের শ্রমের যথাযথ মর্যাদা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় সমস্ত সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

স্বাগত বক্তব্যে অভ্যর্থনা সমিতির সভাপতি তথা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধরচন্দ্র ডেকা অসমের সংবাদজগতে সার্থেবাড়ি অঞ্চলের অবদানের পাশাপাশি কাঁসাশিল্প নগরীর ঐতিহ্য ও গৌরবের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বরপেটা কেন্দ্রের বিধায়ক দীপক কুমার দাস চক্রেশ্বর দাস রচিত ‘সার্থেবাড়ির কাঁসাশিল্প’ শীর্ষক গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করেন। সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপুজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. খগেন দাস এবং বরপেটার জেলা জনসংযোগ আধিকারিক রাণা প্রতাপ শইকিয়া। এছাড়া অসম বার্তাজীবী সংঘের উপদেষ্টা মুকুট রাজ শর্মা এবং বরপেটা জেলা বার্তাজীবী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি তথা সাংবাদিক মৃণাল মল্ল পাটওয়ারি বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।

সভায় অসম বার্তাজীবী সংঘের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। অভ্যর্থনা সমিতির যুগ্ম সম্পাদক গুণজিৎ চৌধুরী ও ভবেশ ডেকা অনুষ্ঠান পরিচালনা করেন। বরপেটা জেলা বার্তাজীবী সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক দীপক ডেকা-সহ বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অসম বার্তাজীবী সংঘের সহকারী সম্পাদক সোনাধর ডেকা, সাংগঠনিক সম্পাদক অশ্বিনী দুয়ারা, প্রশান্ত কুমার মোডক, প্রচার সম্পাদক হেমন্ত বর্মন, কার্যালয় সম্পাদক আদিত্যচন্দ্র বর্মন, পত্রিকা সম্পাদক লক্ষ্মী কলিতা-সহ বিভিন্ন জেলার পদাধিকারী ও সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় শিল্পীদের সমবেত সংগীত ও বড়গীত পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

প্রকাশ্য সভার আগে অসম বার্তাজীবী সংঘের পতাকা উত্তোলন করেন সংগঠনের সহ-সভাপতি যতীন ভাগবতী। স্মৃতিতর্পণ কর্মসূচিতে অংশ নেন সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা, সার্থেবাড়ি পাঁচখেল গঞা গয়রহের গিরীশচন্দ্র ডেকা মজুমদার, বরপেটা জেলা বার্তাজীবী সংঘের সভাপতি সাহেদ আলি আহমেদ এবং সম্পাদক জাহিদুল ইসলাম। পাশাপাশি প্রয়াত বরেণ্য শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে বরপেটা জেলা বার্তাজীবী সংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিনিধি সভা ও নতুন কমিটি নির্বাচনের উদ্দেশ্যে বিষয় নির্বাচন সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অসম বার্তাজীবী সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা সমিতির উদ্যোগে বুধবার নানা কর্মসূচির আয়োজন করা হয়।



