বরাক তরঙ্গ, ২০ মে : অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন (AAECA)-এর কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আজ শিলচরের ইটখোলাস্থিত ‘ইয়াসি’ (YASI)-র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম প্রবীণ সদস্য তথা প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দের উপস্থিতিতে এই সভায় জেলা ও রাজ্য স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সাম্প্রতিক একটি মন্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী সংসদে ২ এপ্রিল স্পষ্ট করেছেন— গ্রাহকদের জন্য প্রিপেইড স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়। এই মন্তব্যের পর স্মার্ট মিটারের বিরুদ্ধে উত্তর প্রদেশে সংগঠিত আন্দোলনের দাবি মেনে নিয়ে বিজেপি পরিচালিত রাজ্য সরকার প্রিপেড স্মার্ট মিটার বসানো স্থগিত করে এবং গ্রাহকদের ক্ষেত্রে তা ঐচ্ছিক করে দেয়। গ্রাহক সংগঠনের পক্ষ থেকে আসাম সরকারকেও কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে এরাজ্যেও প্রিপেড স্মার্ট মিটার বাধ্যতামূলক না করার দাবি জানানো হয়।
সভায় দাবি তোলা হয়, এপিডিসিএল (APDCL) কর্তৃপক্ষ যেন গ্রাহকদের ওপর জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া অবিলম্বে বন্ধ করে।পাশাপাশি, দেশের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের মতো অসমেও প্রতি মাসে গ্রাহকদের জন্য ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করার দাবি জানানো হয়। বিদ্যুৎ খণ্ডকে কর্পোরেট ও বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তার তীব্র বিরোধিতা করেন উপস্থিত সদস্যরা। এই জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে সাধারণ গ্রাহকদের সচেতন করতে এবং আন্দোলনের রূপরেখা তৈরি করতে আগামী ২১ জুন শিলচরে এক বিশাল ‘বিদ্যুৎ গ্রাহক অভিবর্তন’ আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ দিনের এই প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়, সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জীব রায়, রাজ্য শাখার অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য এবং অন্যতম সহ-সভাপতি কমল চক্রবর্তী। নেতৃবৃন্দ আগামী ২১ জুনের বিদ্যুৎ গ্রাহক কনভেনশন সফল করে তুলতে কাছাড় জেলার সমস্ত স্তরের গ্রাহকদের এগিয়ে আসার আহ্বান জানান।



