বরাক তরঙ্গ, ১৭ মে : ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে “পঞ্চায়েত কাপ ২০২৬” নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হল। রবিবার রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মারিয়া এফসি ও লোকনাথপুর এফসি। ৪-০ গোলের ব্যবধানে লোকনাথপুর এফসিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো মারিয়া এফসি। খেলার প্রথমার্ধে ৩টি গোল ও দ্বিতীয়ার্ধে ১ গোল করে মারিয়া এফসি। টানটান উত্তেজনাপূর্ন খেলা উপভোগ করতে দর্শকের ভিড় লক্ষ্য করা যায়। এদিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যোহ মোনা। তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উদ্বোধনী ম্যাচ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। ধলাইর প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাস, ১৪৭ সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট আরবি গৌতম সহ বিশিষ্টজনের উপস্থিতিতে প্রতিযোগিতার সূচনা হয়।

বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, খেলাধূলায় শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। বর্তমান সময়ে যুব সমাজ মোবাইল সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। তাই খেলাধূলা অত্যন্ত আবশ্যক। গ্রামীন এলাকার প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। পঞ্চায়েত কাপ আয়োজনের জন্য তিনি ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাগাবাজার গাঁও পঞ্চায়েত সভানেত্রী সাহেলা পারবিন, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত সভাপতি আনোয়ার হোসেন লস্কর, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি সাবির আহমদ লস্কর, প্রাক্তন জিপি সভাপতি সামসুল আলম লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন লস্কর, সিপ্পার আহমদ লস্কর, টিটন চৌধুরী, নিবুল বড়ভূইয়া,শিক্ষাবিদ সাহারুল হোসেন লস্কর, পঞ্চায়েত কাপ ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক আমির হোসেন লস্কর, কোষাধ্যক্ষ মনসুর হিলাল, ক্রীড়া সম্পাদক কমরুজ্জামান লস্কর সহ গ্রুপ সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা সহ স্বাগত বক্তব্য রাখেন ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উপ সভাপতি আমির হোসেন লস্কর।



