মোদির জন্মদিনে বাজারিছড়ায় জ্বলবে ৩ হাজার প্রদীপ

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বাজারিছড়ার শিববাড়ি মন্দির প্রাঙ্গণে তিন হাজার প্রদীপ প্রজ্বলনের বিশেষ কর্মসূচি নিয়েছে লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নের জন্য বিশেষ প্রার্থনা করা হবে। মণ্ডল বিজেপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ শিববাড়ি মন্দির প্রাঙ্গণে শুরু হবে অনুষ্ঠান। এতে উপস্থিত থাকার কথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। তাঁর উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকরা একযোগে তিন হাজার প্রদীপ প্রজ্বলন করবেন।

প্রদীপ প্রজ্বলনের পর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ভজন ও কীর্তন। ধর্মীয় আবহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণের জন্য প্রার্থনা করা হবে। লোয়াইরপোয়া মণ্ডলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিজেপি কার্যকর্তা, কর্মী-সমর্থক এবং স্থানীয় জনগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মণ্ডল সভানেত্রী।

এদিকে, কর্মসূচিকে সফল করে তুলতে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক প্রস্তুতি। শ্রীভূমি জেলা বিজেপির সহ-সভাপতি হৃষিকেশ নন্দী এবং লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাসের নেতৃত্বে দলীয় কর্মীরা মন্দির প্রাঙ্গণ সাজানো, প্রদীপ প্রজ্বালন এবং অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত রয়েছেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে বাজারিছড়ায় ইতিমধ্যে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *