রুদ্ধশ্বাস জয়, ফাইনালে কটামণি ইয়ং স্টার

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : বৃহত্তর কটামণি এলাকার এন এস ছলামনা মাঠে আয়োজিত আট দলীয় ফুটবল প্রতিযোগিতা এখন জমে উঠেছে চরম উত্তেজনায়। স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবকদের উদ্যোগে এবং ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন ক্রীড়াবিদ আব্দুল মান্নানের সৌজন্যে আয়োজিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ছাগলমাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কটামণি ইয়ং স্টার ক্লাব। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে চলে তীব্র আক্রমণ-পাল্টা আক্রমণ। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে কটামণি ইয়ং স্টার ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন লেনা হালাম। এরপর সমতা ফেরাতে ছাগলমাহ এফসি মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালালেও কটামণির গোলরক্ষক এহছানুল করিম চৌধুরীর দুর্দান্ত নৈপুণ্যে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে এহছানের একাধিক অসাধারণ সেভ দর্শকদের মুগ্ধ করে। তাঁর দৃঢ়তা, দ্রুত সিদ্ধান্ত এবং বল ধরার দক্ষতাই কটামণির জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।

দ্বিতীয়ার্ধেও উত্তেজনা অব্যাহত থাকে। শেষ বাঁশি পর্যন্ত টানটান লড়াইয়ের পর ১-০ গোলের ব্যবধান ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে কটামণি ইয়ং স্টার ক্লাব। ম্যাচ পরিচালনা করেন রেফারি আক্তার হোসেন। সহকারী ছিলেন জুয়েল আহমেদ ও কমরুল ইসলাম।

আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এন এস ছলামনা একাদশ ও ঝেরঝের একাদশ। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে কটামণি ইয়ং স্টারের প্রতিপক্ষ হবে। এদিকে, ম্যাচ শুরুর আগে অতিথি ও আয়োজকরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে শুভেচ্ছা জানান। মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়াবিদ ফুরকান আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *