‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তিতে দেশজুড়ে ‘নমামি ভারতম্’, কাছাড়েও সমবেত গায়ন

Spread the news

শমীন্দ্ৰ পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : ভারতের রাষ্ট্র গীত ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থার উদ্যোগে দেশজুড়ে পালিত হয় ‘নমামি ভারতম্’ কর্মসূচি। সকাল ১১টায় একযোগে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’ গাওয়া হয়। এক কোটিরও বেশি কণ্ঠে গানটি পরিবেশনের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নেওয়া হয় এই কর্মসূচিতে।

কর্মসূচির অংশ হিসেবে কাছাড়ের কালাইন, বিহাড়া ও কাটিগড়াতেও অনুষ্ঠিত হয় সমবেত ‘বন্দে মাতরম্’ গায়ন। কালাইনের সরস্বতী বিদ্যা নিকেতনের ব্যবস্থাপনায় হিলারা ব্লক হেডকোয়ার্টার হাইস্কুলের খেলাপথারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া বিহাড়া ও কাটিগড়া সরস্বতী বিদ্যা নিকেতনের উদ্যোগেও পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল স্থানেই সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মধ্য দিয়ে দেশপ্রেম, জাতীয় চেতনা ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়।

এ দিকে, গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বক্তব্যে তিনি ‘বন্দে মাতরম্’-কে ভারতের জাতীয় চেতনা, ঐক্য ও গৌরবের স্বর হিসেবে উল্লেখ করে যুবসমাজকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তরুণদের ‘Problem Finder’ নয়, ‘Problem Fixer’ হওয়ার পাশাপাশি ইতিবাচক মানসিকতা, অভিযোজন ক্ষমতা ও যোগ্যতা অর্জনের পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *