বন্যহাতির আক্রমণে প্রাণ গেল পুলিশ জওয়ানের, গোয়ালপাড়ায় শোকের ছায়া

Spread the news

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : বন্যহাতির আক্রমণে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক পুলিশ জওয়ান। গোয়ালপাড়ায় রাতে কর্তব্যরত অবস্থায় একটি বন্যহাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যু হয়েছে ১৭তম এপিবিএন-এর হাবিলদার আমজাদ আলির। জানা গেছে, রাতে দায়িত্ব পালন করার সময় আচমকাই ওই এলাকায় একটি বন্যহাতির উপস্থিতি ঘটে। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই হাতিটি আমজাদ আলির দিকে এগিয়ে এসে তাঁকে আক্রমণ করে। হাতির পায়ের নিচে চাপা পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সহকর্মী ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কর্তব্যরত অবস্থায় একজন পুলিশ জওয়ানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা।

গোয়ালপাড়া ও সংলগ্ন এলাকায় বন্যহাতির আনাগোনা নতুন নয়। হাতির হামলায় মানুষের প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাও মাঝেমধ্যে সামনে আসে। এই ঘটনার পর ফের বন্যহাতি-মানুষ সংঘাত রোধ এবং রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *