রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : গভীর রাতে শিলচরের বেরেঙ্গা এলাকায় বরাক নদীতে বোলেরো গাড়ি পড়ে প্রায় ৭০ বছর বয়সি এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বরাক নদীর পাড়ে গাড়ি ঘোরানোর সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরোটি নদীতে পড়ে যায়। ওই সময় গাড়িতে চালক সাজ্জাদ হুসেইনের সঙ্গে ছিলেন বৃদ্ধ সিরু মিয়া চৌধুরী।
গাড়িটি নদীতে পড়ার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের তৎপরতায় চালক ও যাত্রী—দু’জনকেই উদ্ধার করা হয়। চালক সাজ্জাদ হোসেনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও গুরুতর আহত হন সিরু মিয়া চৌধুরী।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বেরেঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।



