বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাছাড় জেলায় পৃথক দু’টি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। দুই অভিযানে হেরোইন ও সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করার পাশাপাশি দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি চালানো হয় শিলচর থানার অন্তর্গত রামনগর বাইপাস এলাকার সাংগাই হোটেলের কাছে। সেখানে AS-01-NC-8893 নম্বরের একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকের একটি গোপন চেম্বার থেকে ১৫০টি সাবান কেসে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ২.২ কিলোগ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় আব্দুল রহিম লস্কর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত লায়লাপুরের ফ্রেঞ্চ নগরের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ট্রাকটি মিজোরামের চম্পাই জেলা থেকে আসছিল।
অন্যদিকে, কালাইন থানার অন্তর্গত গুমড়া বাজার এলাকায় পৃথক অভিযানে জয়রুল ইসলাম নামে ২৩ বছর বয়সি এক যুবককে আটক করা হয়। তার হাতে থাকা লাল রঙের একটি ক্যারি ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজারটি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলির মোট ওজন প্রায় ১.৩০৯ কিলোগ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দুই ঘটনায় পৃথকভাবে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, পাশাপাশি এই পাচারচক্রের পেছনে থাকা নেটওয়ার্ক ও সংযোগের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।



