হাইলাকান্দিতে সাইবার সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : মোবাইল ফোনে অযথা সময় নষ্ট না করে বেশি করে বই পড়া এবং পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পরামর্শ দিলেন হাইলাকান্দির এসএসপি অমিতাভ সিনহা। প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থেকে মোবাইল ও ইন্টারনেটকে জ্ঞানার্জন ও শিক্ষার কাজে ব্যবহারের আহ্বান জানান তিনি।
হাইলাকান্দি জেলা পুলিশের উদ্যোগে রবিবার হাইলাকান্দি পুলিশ রিজার্ভ হলে সাইবার হাইজিন ও সাইবার সুরক্ষা বিষয়ক এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মূলত পুলিশ কর্মীদের পরিবারের ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত এই শিবিরে বহু পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন।
শিবিরে ছাত্রছাত্রীদের সাইবার আসক্তি, অনলাইন প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়। মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা এবং ওটিপি, পাসওয়ার্ড ও ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি রোটারি ক্লাবের সভাপতি আইনজীবী ড. কামাল চৌধুরী, প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের এমডি ড. অভিজিৎ মিত্র এবং এসএস কলেজের সহকারী অধ্যাপিকা ফারদিনা পারভিন। তাঁরা সাইবার সুরক্ষার গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
সাইবার অপরাধের শিকার হলে দ্রুত পুলিশ বা সাইবার ক্রাইম হেল্পলাইনে অভিযোগ জানানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।



