হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ দাস সারদার প্রয়াণ

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : হাইলাকান্দি শহরের সুপরিচিত বিশিষ্ট নাগরিক তথা বর্ষীয়ান ব্যবসায়ী নারায়ণ দাস সারদা শুক্রবার বেলা আড়াইটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি স্টেশন রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরেই তিনি মধুমেহ রোগে ভুগছিলেন।

হাইলাকান্দি শহরের একজন প্রবীণ ও সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও আন্তরিকতা ছিল। এস এস রোডে তাঁদের প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচিতি লাভ করেছে। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কাজেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। একসময় তিনি হাইলাকান্দি পুরসভার আমন্ত্রিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি তিন পুত্র—রাজ অটোমোবাইলসের স্বত্বাধিকারী রাজকুমার সারদা, বিশিষ্ট আইনজীবী প্রকাশ সারদা এবং ব্যবসায়ী বিনোদ সারদা, দুই বিবাহিত কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি এবং ছোট ভাই তথা হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ভগবান সারদা-সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহীকে রেখে গেছেন।

তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। শেষ শ্রদ্ধা জানাতে স্টেশন রোডের বাসভবনে বিভিন্ন স্তরের বহু মানুষ ভিড় জমান। শুক্রবারই হাইলাকান্দি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস, জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী। এছাড়াও হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, রোটারি ক্লাব, বাইসাইকেল ক্লাব, স্টেশন রোড ও এস এস রোডের ব্যবসায়ী ও বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *