ইউপিআই লেনদেনে চার্জ, জারি বিজ্ঞপ্তি

Spread the news

১৫ সেপ্টেম্বর : আর সম্পূর্ণ ফ্রি নয় ইউপিআই লেনদেন। বর্তমানে প্রায় সমস্ত গ্রাহক ইউপিআইতেই টাকা দিয়ে থাকেন। দোকানদার, পেট্রোল পাম্প, অটো-ক্যাব চালক এমনকী বাজারে সব্জি বিক্রেতারাও ইউপিআইতে টাকা নিয়ে থাকেন। এর ফলে মিটে গিয়েছিল খুচরো সমস্যাও। কিন্তু বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ইউপিআই লেনদেনে না কি ফি বসতে চলেছে। সেই আশঙ্কাই আজ, মঙ্গলবার সত্যি হল। অবশেষে ইউপিআই লেনদেনে ফি ঘোষণা করল কেন্দ্র। ফলে এবার থেকে আর সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে না ট্রানজাকশান।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনপিসিআই সূত্রে জানা গিয়েছে, ২,০০০ টাকার বেশি লেনদেনে বেশ কিছু ক্ষেত্রে ৫ টাকা ফি দিতে হবে। বাকি কিছু ক্ষেত্রে তা দাঁড়াবে ০.৪০ শতাংশ। ৭৫ হাজার টাকার লেনদেনের উপর সর্বাধিক ৩০০ টাকা চার্জ করা হবে। তবে ইউপিআই লেনদেনে ক্রেতাদের সরাসরি কোনো ফি দিতে হবে না। তা গুণতে হবে ব্যবসায়ীদেরই। এমনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অপরদিকে, এক ব্যক্তি অন্য কোনও ব্যক্তিকে যে কোনো অঙ্কের টাকা পাঠালে তাতে আগের মতোই কোনও চার্জ লাগবে না বলেই জানা যাচ্ছে। তবে নতুন এই প্রস্তাব কার্যকর হলে চার্জের অর্থ কী ভাবে ভাগাভাগি হবে তা নিয়েও আলোচনা চলছে। করের একটি শতাংশ পেতে পারে ব্যাঙ্ক। বাকি অংশ পেমেন্ট অ্যাপ বা মার্চেন্ট পেমেন্ট সার্ভিস প্রদানকারীদের সংস্থার মধ্যে ভাগ হতে পারে বলেই মনে করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *