ক্ষমতার আসনে নয়, জনমানসের অন্তঃস্থলে নগর যন্ত্রণার বিরুদ্ধে রাস্তায় নেমে নজির গড়লেন সুজন, ঈদগাহে চাঁদা সংগ্রহ

Spread the news

শুভ দাস, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ মে : শহরের বেহাল পরিকাঠামো ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে এবার নিজেই রাস্তায় নেমে উদ্যোগী হলেন সুজন নামে এক সমাজসেবী যুবক। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হওয়া ভয়াবহ গর্ত ও জলজটের সমস্যায় নিত্যদিন দুর্ভোগে পড়ছিলেন সাধারণ মানুষ। বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ না মেলায় ক্ষোভ বাড়ছিল জনমনে।

এই পরিস্থিতিতেই মানবিক দায়িত্ববোধ থেকে নিজ উদ্যোগে রাস্তার গর্ত সংস্কারের কাজে হাত লাগান সুজন। কোনো প্রশাসনিক ক্ষমতা বা রাজনৈতিক পদে না থেকেও তিনি স্থানীয়দের সহযোগিতায় এক গুরুত্বপূর্ণ সড়কের বিপজ্জনক গর্তগুলি ভরাট করেন। বৃষ্টির জলে ভর্তি ওই গর্তগুলির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। বিশেষ করে পথচারী, বাইক আরোহী ও অটোচালকদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সমস্যাটি নিয়ে অভিযোগ করা হলেও প্রশাসনের তরফে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে সুজনের এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এলাকাবাসীর একাংশের কথায়, “প্রকৃত জননেতা তিনিই, যিনি পদ বা পরিচয়ের মাধ্যমে নয়, নিজের কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেন।” তাঁদের মতে, বর্তমান সময়ে যখন অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতি প্রচারমুখী হয়ে উঠেছে, তখন সুজন দেখালেন জনসেবার আসল অর্থ মানুষের সমস্যার পাশে দাঁড়ানো।

শহরের সচেতন মহলের মতে, নাগরিক দুর্ভোগ লাঘবে প্রশাসনের সক্রিয় ভূমিকা যেমন প্রয়োজন, তেমনই সমাজের দায়িত্বশীল নাগরিকদের এই ধরনের উদ্যোগও ইতিবাচক বার্তা বহন করে। সুজনের এই উদ্যোগ এখন শহরে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *