মরিগাঁওয়ে ধুমধামে পালিত ঈদ-উল আজহা

Spread the news

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২৮ মে : সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে  মরিগাঁও জেলার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে ত্যাগের উৎসব পবিত্র ঈদ-উল আজহা ব্যাপক আনন্দ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার মরিগাঁও জেলার লাহরিঘাট, মৈরাবাড়ি ও ভুরাগাঁও এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্যাগের এই উৎসব উদযাপন করা হয়। ইদ উপলক্ষে আগে থেকেই এলাকার ঈদগাহ মাঠগুলোকে নতুন করে রঙ করা হয় এবং নানা রঙের বিদ্যুতিক লাইট দিয়ে সাজানো হয়, যা দেখে উৎসবমুখর এলাকার ছবি ফুটে ওঠে। ঈদের দিন সকালে ধর্মপ্রাণ মুসলমানরা সেমাই খেয়ে, নতুন পোশাক পরে, গায়ে আতর মেখে ও চোখে সুরমা লাগিয়ে শিশু থেকে শুরু করে তরুণ ও প্রবীণ সকলে ইদগাহ ময়দানে সমবেত হন। লাহরিঘাট আঞ্চলিক ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদ-উল আজহার নামাজ আদায় করা হয়।

নামাজের আগে ধর্মীয় বক্তারা কোরবানির শিক্ষা ও ত্যাগের মহিমা তুলে ধরেন। নবী ইব্রাহিম (আঃ) ও তার ছেলে ইসমাইল (আঃ)র ত্যাগ ও কোরবানির তাৎপর্য নিয়ে বিভিন্ন বক্তব্য রাখার পাশাপাশি ইদ-উল-আজহা শুধু পশু কোরবানির উৎসব নয়, বরং এটি আত্মত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা বহন করেন বলে উল্লেখ করেন। এলাকার বিভিন্ন মসজিদ ও ইদগাহে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানান। তরপরেই শিশু-কিশোরদের ঢল নামে খেলনা ও চকলেটের দোকানে। বিভিন্ন রকমের খেলনা গাড়ি, বেলুন, অত্যাধুনিক প্লাস্টিকের বন্দুক হাতে নিয়ে শিশুরা বরাবরের মতো উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ঈদ উপলক্ষে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সমগ্র মরিগাঁও জেলায় শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব সম্পন্ন হয়। তাছাড়া, নামাজ শেষে সমাজে ঐক্য, শান্তি , সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার পাশাপাশি বিশ্ব শান্তির কামনারে সমবেতভাবে প্রার্থনা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *