বরাক তরঙ্গ, ১০ আগস্ট : নাগাল্যান্ডের টিজিটের টিজিট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নেতাজি মেমোরিয়াল কমিটি, নর্থ ইস্ট চাপ্টারের যৌথ উদ্যোগে এবং টিজিট-অ্যারিয়া স্টুডেন্টস ইউনিয়ন, এনআইএফএএ, মোন এবং টিজিট-এর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বানপিড়িত মানুষের জন্য একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৬০ জন রোগীকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।
আজকের মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা পরিষেবা প্রদান করেন অসম সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ চিত্রলেখা দাস, ডাঃ সাহারিয়ার আলম এবং ডাঃ বিক্রম মণ্ডল এবং ফার্মাসিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ভাইটি রিছং এবং মিঠুন মাইতি। এই ক্যাম্পের অন্যতম আয়োজক সংস্থা নেতাজি মেমোরিয়াল কমিটি, নর্থ ইস্ট চাপ্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অজয় আচার্য, হিল্লোল ভট্টাচার্য, সিমি গগৈ এবং শিল্পীকা চলিহা। টিজিট-অ্যারিয়া স্টুডেন্টস ইউনিয়ন এর সভাপতি নকমাওথ কইনাক এবং এনআইএফএএ এর টিংলেম কইনাক সহ উভয় সংগঠনের বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন।
এই অঞ্চলে যেহেতু স্বাস্থ্য পরিকাঠামো অত্যন্ত দুর্বল তাই উভয় সংগঠন এবং স্থানীয় জনগণের পক্ষ থেকে এই ধরনের মেডিকেল ক্যাম্প ভবিষ্যতে আরও আয়োজন করার জন্য মেডিকেল সার্ভিস সেন্টার এবং নেতাজি মেমোরিয়াল কমিটির সদস্যদের অনুরোধ জানানো হয়।



