‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানে হাইলাকান্দিতে বিজেপির পদযাত্রা ও বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’—এই স্লোগানকে সামনে রেখে হাইলাকান্দিতে পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি হাইলাকান্দি জেলা কমিটি। মঙ্গলবার বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগান হাতে নিয়ে অংশগ্রহণ করেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা। পদযাত্রা চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সরব হন বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং রাজনৈতিক অরাজকতার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, হাইলাকান্দি বিধায়ক ড. মিলন দাস, অসম প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী মুন স্বর্ণকার এবং হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী-সহ দলের একাধিক বরিষ্ঠ নেতৃত্ব।

উল্লেখ্য, ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে বিজেপির এই কর্মসূচি শুধু হাইলাকান্দিতেই সীমাবদ্ধ নয়। অসমের মরিগাঁও-সহ দেশের বিভিন্ন প্রান্তেও একই স্লোগানে পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে হাইলাকান্দিতে কংগ্রেসের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পাশাপাশি গণতন্ত্র রক্ষার বার্তা তুলে ধরল জেলা বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *