বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ত্রিপুরার সিপাহিজলা বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্য পুলিশের নবনিযুক্ত কনস্টেবল কিষাণ সরকার (২৫)। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তাঁর সহকর্মী তথা অপর কনস্টেবল জুয়েল দাস (২৬)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত রাতে সিপাহিজলা নৌকাঘাট এলাকায় নিজেদের ডিউটি শেষ করে একটি মোটরসাইকেলে চড়ে আগরতলার বদরঘাটে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দুই পুলিশকর্মী। সেই সময় আগরতলার দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে উদ্ধারকারী দল তাঁদের দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিষাণ সরকারকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত জুয়েল দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

নবনিযুক্ত এক পুলিশকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।



