
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : জনমোহিনী সাংবাদিকতার ‘দাপট’ নিঃসন্দেহে অনেক বেড়েছে, যা দায়িত্বপূর্ণ সাংবাদিকতাকে কোনও কোনও ক্ষেত্রে কোণঠাসা করে দিচ্ছে। তবে দীর্ঘ দিন টিকে থাকতে হলে সংবাদমাধ্যমকে শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতা এবং দায়িত্বশীলতাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ‘ন্যাশনাল প্রেস ডে’ উদযাপন উপলক্ষে সোমবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত আলোচনাসভায় এই অভিমত উঠে এসেছে। এ দিন ‘প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া’ নির্ধারিত আলোচনার বিষয় ছিল ,’ জনমোহিনী সাংবাদিকতার ঢক্কা -নিনাদে কি হারিয়ে যাচ্ছে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা ?।’ বক্তব্য উপস্থাপন করে কবি-সাংবাদিক -চিন্তাবিদ অতীন দাশ বলেন, সাংবাদিকতাকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু এই স্বীকৃতি কেউ আমাদের দেয়নি।এটা আমাদের স্বনিয়োজিত একটি ব্যাপার। রাষ্ট্র আমাদের বলেনি, আমরা চতুর্থ স্তম্ভ। রাজনীতিবিদরা মাঝে মাঝে বলেন সময়ে সুযোগে সুবিধা আদায়ের জন্য। আমরা হচ্ছি সোশ্যাল ওয়াচডগ। নির্বাচন হয় জনগণের ভোটে নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতির ভিত্তিতে। এক দল বলেন আমরা সরকারে এলে এই করবো, আরেক দল বলেন আমরা ওই করবো, জনগণ তাঁদের ইচ্ছা অনুযায়ী একটি নির্দিষ্ট দলকে বেছে নেন। কিন্তু সরকারে যাওয়ার পর প্রতিশ্রুতি যখন বাস্তবায়িত হয় না, তখন সাংবাদিকরা সেইসব তুলে ধরেন। প্রশ্ন করার দায়িত্ব হচ্ছে সাংবাদিকের। স্বাধীনতা ততক্ষণ আমাদের কাছে বাস্তব, যতক্ষণ আমরা প্রশ্ন করতে পারি। সমাজ যখন অসহনশীল হয়ে পড়ে, গণতন্ত্র বিরোধী শক্তি ক্ষমতায় আসে, তখন যাঁরা প্রশ্ন করেন, তাঁরা শাসকদের প্রতিপক্ষ হয়ে যান। সাংবাদিকরা সেই অর্থে সরকারের প্রতিপক্ষ, যে দলই ক্ষমতায় থাকুক না কেন। এখন একটা দু:সময় চলছে, দেশের সবকিছু পরিচালিত হচ্ছে নিম্নমেধার লোকদের দ্বারা। মেধাবীদের কোনও দাম যেন এই সমাজে নেই। ইদানীং একটা বিষয় প্রচলিত হয়েছে যে ,সরকারের বিরোধিতা করলেই দেশবিরোধী তকমা দেওয়া হয়। এই ধারণা নাগরিকদের স্বাধীনতার পক্ষে অনেক ক্ষতিকর। সাংবাদিকদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, সমাজকে সচেতন করে তোলা সাংবাদিকতার কাজ। ভারতের সাংবাদিকতার ইতিহাস গৌরবোজ্জ্বল এই জন্য সাংবাদিকতার সঙ্গে এক সময় সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিরা যুক্ত ছিলেন। এখন আর্থিক স্বনির্ভরতা না থাকার জন্য অনেক সময় সাংবাদিকদের বিবেকের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয়। সাংবাদিকতায় ছেষট্টি বছরের অভিজ্ঞতালব্ধ অতীন দাশ মনে করেন, মুদ্রণ মাধ্যমের কদর এখনও আছে।একটি পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৪ খ্রিস্টাব্দে নরেন্দ্র মোদী যেদিন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, সেই সময় যে ১০০ জন লোক টিভি দেখতেন; বর্তমানে ২০২৬ সালে সেই ১০০ জনের মধ্যে ২২ জন টিভি দেখেন। মুদ্রণ মাধ্যম অনেক প্রতিকূলতার মধ্যে আজও টিকে আছে।
প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ে গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক, ডি. লিট পার্থ সরকার টিআরপি, ক্লিক এবং তাৎক্ষণিক জনপ্রিয়তার লক্ষ্যে চালিত চটকদার সাংবাদিকতা এবং যাচাইকৃত সত্য ও জনস্বার্থে নিবেদিত নীতিনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে তীক্ষ্ণ পার্থক্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, জনমোহিনী সাংবাদিকতা প্রায়শই ক্ষণস্থায়ী জন-আবেগ, ভয় বা ক্ষোভকে উস্কে দেয়; অন্য দিকে দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়।

কী ভাবে অপরিণত ‘মিডিয়া ট্রায়াল’ আইনি প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এবং আদালতের রায়ের আগেই নিরপরাধ মানুষের জীবন অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত করে, নানা দিক থেকে তিনি তা বিশ্লেষণ করেন। সতর্কবার্তা দেন সংবেদনশীল পরিস্থিতিতে যাচাই না করা চটকদার খবর মোটেই কাম্য নয়। সংবাদ পরিবেশনে গুজব না ছড়িয়ে সম্প্রীতি রক্ষা করতে হবে। তাঁর আক্ষেপ; বন্যা, কৃষি সংকট, শিক্ষার মতো জরুরি বিষয়গুলোকে সরিয়ে রেখে ‘সেলিব্রিটি ‘বিনোদনকে প্রাধান্য দেওয়ার ক্রমবর্ধমান প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি সেই সকল সাংবাদিকের প্রশংসা করেন যাঁরা দুর্যোগ এবং জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি অবস্থার সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সঠিক তথ্য পরিবেশন করেন।
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে বলেন, সংবাদ পরিবেশনের অত্যাধিক প্রতিযোগিতায় সাংবাদিকতার মান কোনও কোনও ক্ষেত্রে ভীষণভাবে নিম্নগামী হচ্ছে। পাশাপাশি সংবাদমাধ্যম তথা সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারি তরফে ঔদাসীন্য পরিলক্ষিত হয়। তিনি উল্লেখ করেন, এই সময়ে সংবাদমাধ্যমে ব্যাপকভাবে বিবর্তন চলছে।অত্যাধুনিক প্রযুক্তিকে একদিকে যেমন সদর্থক কাজে লাগানো হচ্ছে,অন্যদিকে বিকৃতভাবে সংবাদ পরিবেশিত হচ্ছে। সত্যতা সহজে যাচাই করা যাচ্ছে না। তবে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না বলে তিনি মত প্রকাশ করেন। কারণ, এখন ‘ফ্যাক্ট চেকিং’ এর উপর মানুষকে বিশেষ গুরুত্ব দিতে দেখা যাচ্ছে। আমন্ত্রিত অতিথি কংগ্রেস নেতা অভিজিৎ পাল তাঁর বক্তব্যে ভারতীয় প্রেস কাউন্সিল-এর ছয় দশক পূর্তি স্মরণ করেন। বলেন, ১৯৬৬ খ্রিস্টাব্দের ১৬ নভেম্বর থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার মান রক্ষায় নৈতিক প্রহরী হিসেবে কাজ করে আসছে ‘প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া’। তাঁর মতে, বিভিন্ন সংবাদমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন তৈরি করা হলেও সচেতন মানুষ প্রকৃত সত্য হৃদয়ঙ্গম করতে পারেন। বর্তমান সংকট সময়ে মূলস্রোতের সাংবাদিকদের কাছে জনগণের গভীর প্রত্যাশা রয়েছে। তাঁরাই সমাজ ও রাষ্ট্রকে আলোর পথে নিয়ে যেতে পারেন। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের জন্য সংবাদমাধ্যম অপরিহার্য।বহু ক্ষেত্রে,একে অপরের পরিপূরক।এরই মধ্যে বিভিন্ন সময় দেখা গিয়েছে, কারণে বা অকারণে শাসক সরকারের রোষে পড়েছে সংবাদমাধ্যম। নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি আগেকার সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বলে তিনি দাবি করেন। বলেন, বর্তমান ডামাডোলের মধ্যেও সাংবাদিকদের প্রতি মানুষের গভীর আস্থা রয়েছে।

রূপম নন্দীপুরকায়স্থ বলেন, অধিকার ও কর্তব্য পরস্পরের সঙ্গে জড়িত; তা মেনে চললে অনেক কিছু সহজে সমাধান হয়ে যায়।কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকার সাংবাদিকদের বিষয়ে বিভিন্ন ভাবে যত্নশীল বলে তাঁর অভিমত। তিনি বলেন, কোনও কোনও দায়িত্ব জ্ঞানহীন সংবাদমাধ্যম অপপ্রচার করে সরকারকে হেয় প্রতিপন্ন করতে চায় ।এদের জনবিচ্ছিন্ন করতে হবে ।সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাংবাদিকদের সমস্যা সুরাহা হবে, এমন আশার কথা ব্যক্ত করেছেন তিনি।সাংবাদিক চয়ন ভট্টাচার্য বলেন, সংবাদ জনপ্রিয় যেমন হতে হবে; তেমনি দায়িত্ব এড়িয়ে সেটা পরিবেশন করা চলে না। কোনও সংবাদ শুধুমাত্র জনপ্রিয় হলেই যেমন হবে না ,ঠিক দায়িত্ব পালনের নামে নীরস উপস্থাপন গ্ৰহণযোগ্য হয় না; এটাও মনে রাখতে হবে। তবে সস্তা জনপ্রিয়তা সর্বাবস্থায় পরিত্যাজ্য।তাই দায়িত্বশীলতা ও জনপ্রিয়তা দুইয়ের মধ্যে সমন্বয় থাকা খুব জরুরি।কবি-সাংবাদিক স্মৃতি পাল নাথ বলেন, যাঁদের ত্যাগ করার মানসিকতা আছে, তাঁদের পক্ষেই প্রকৃত সাংবাদিকতা করা সম্ভব। ন্যস্ত স্বার্থবাহীদের এই পেশায় থাকা উচিত নয়।
অনুষ্ঠানে এ ছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন করে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাংবাদিকরা। অভিমত ব্যক্ত করেন দেবাশিস পুরকায়স্থ, অনির্বাণজ্যোতি গুপ্ত, বিশ্বকল্যাণ পুরকায়স্থ, দেবদুলাল মালাকার, সোনালী নাথ, পাপলু দাস, রাহুল দেব, সঞ্জীব সিং, রঘুনন্দন শর্মা মজুমদার, শমীন্দ্র পাল, সমীরণ চৌধুরী প্রমুখ। বক্তব্য রাখেন সমাজকর্মী কিরণ রাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীন দাশ। সান্ধ্য অনুষ্ঠানে উদাত্ত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য



