
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার, শিলকুড়ির শ্রী রামকৃষ্ণ আশ্রমে শ্রীশ্রীমা জগদ্ধাত্রীর বিশেষ পূজানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দে আয়োজিত এই পূজাকে কেন্দ্র করে দু’দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আশ্রমের সম্পাদক রসরাজ দাস জানিয়েছেন, ১৮ নভেম্বর, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। পরদিন ১৯ নভেম্বর ভোর ৬টায় দেবীর পূজারম্ভ ও চণ্ডীপাঠ অনুষ্ঠিত হবে। পাশাপাশি শ্রীমন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের ষোড়শোপচারে বিশেষ পূজা ও হোমের আয়োজন থাকবে। সারাদিনব্যাপী কীর্তন ও মাতৃসঙ্গীত পরিবেশিত হবে।

সকাল ১০টায় পুষ্পাঞ্জলি, ১১টায় মধ্যাহ্ন পূজা এবং দুপুর ১২টায় ধর্মকথার আয়োজন করা হয়েছে। ‘শ্রীশ্রীমা সারদা দেবী ও জগদ্ধাত্রী দেবীর পূজা’ শীর্ষক ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজ এবং সহ-সম্পাদক স্বামী বৈকুণ্ঠানন্দজী মহারাজ। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, ২টায় অপরাহ্ন পূজা এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আরতি অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় দেবীর প্রতিমা সহকারে শোভাযাত্রা বের হবে এবং সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীশ্রীমা সারদাদেবীর জীবনের সঙ্গে জগদ্ধাত্রী পূজার ঐতিহাসিক যোগসূত্রের একটি বিশেষ ঘটনাও তুলে ধরা হয়েছে। উদ্বোধন কার্যালয় প্রকাশিত স্বামী গম্ভীরানন্দ প্রণীত ‘শ্রীমা সারদা দেবী’ গ্রন্থ থেকে সংগৃহীত ওই বিবরণে উল্লেখ রয়েছে, শ্রীমায়ের মা একসময় জগদ্ধাত্রী পূজা করার সংকল্প গ্রহণ করেন। কিন্তু একটানা বৃষ্টির কারণে পূজার আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে দেবীর কৃপায় বৃষ্টির মধ্যেও চাটাইয়ে রোদ ওঠে এবং প্রতিমা শুকিয়ে পূজার উপযোগী করা সম্ভব হয়। যথারীতি পূজা সম্পন্ন হওয়ার পর প্রতিমা বিসর্জনের সময় তিনি দেবীর কানে প্রার্থনা জানিয়ে বলেন, ‘মা জগাই, আবার আর বছর এসো। আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখবো।’ এই স্মৃতির মধ্য দিয়ে শ্রীমা সারদাদেবীর পারিবারিক জীবনে জগদ্ধাত্রী পূজার বিশেষ তাৎপর্য ফুটে উঠেছে।
সম্পাদক রসরাজ দাস সকল ভক্ত, অনুরাগী ও ধর্মপ্রাণ মানুষকে সপরিবারে ও সবান্ধবে উপস্থিত থেকে দেবীর প্রতিমা দর্শন এবং পূজানুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।



