সামরিক পরিবহণ বিমান বিধ্বস্ত, নিহত ১৭

Spread the news

১৭ নভেম্বর: সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৭ জন। মঙ্গলবার ইয়াগুনোভো গ্রামের কাছে রাশিয়ার একটি An-12 সামরিক পরিবহণ বিমান ভেঙে পড়ে। রুশ সংবাদমাধ্যম ‘বাজা’-র প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় বিমানে থাকা ১৭ জনেরই মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নভোসিবিরস্ক থেকে কানস্কের উদ্দেশে বিমানে সামরিক সরঞ্জামের অতিরিক্ত যন্ত্রাংশ নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে বিমানের পাইলট ও ক্রু সদস্যরা জরুরি পরিস্থিতির কথা জানান এবং কেমেরোভোতে জরুরি অবতরণের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াগুনোভো গ্রামের কাছে ভেঙে পড়ে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিমানের চারটি ইঞ্জিনের মধ্যে একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যায়। এর ফলে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে থাকতে পারে। ধ্বংসাবশেষ পরীক্ষা করে বিশেষজ্ঞদের ধারণা, ত্রুটিপূর্ণ ফুয়েল পাম্প অথবা ইঞ্জিনের আবরণী অংশের ভিতরে থাকা জ্বালানি সরবরাহকারী পাইপলাইন থেকে তেল লিক হয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *