মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ জুন : পাথারকান্দির নালুগাঁওয়ে সংঘটিত বহুল আলোচিত মব লিঞ্চিং ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল সমগ্র এলাকা। সনাতনী ঐক্য মঞ্চের নেতৃত্বে বিভিন্ন সনাতনী সংগঠন ও শত শত সাধারণ মানুষের অংশগ্রহণে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পরে পাথারকান্দি চক্র আধিকারিকের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঁচ দফা দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রম প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তারা নালুগাঁওয়ের ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শাস্তি এবং নিরীহ গ্রামবাসীদের হয়রানি বন্ধের দাবি জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং হুমকিমূলক প্রচারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে শত শত মানুষের অংশগ্রহণে একটি বিশাল প্রতিবাদ মিছিল পাথারকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কল কার্যালয়ে পৌঁছায়। মিছিলকারীরা শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেন এবং বিভিন্ন দাবিসম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত স্মারকলিপিতে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—ঘটনার পর পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার, তাদের পরিচয় ও নাগরিকত্বের বিষয়ে তদন্ত, সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, নিরীহ যুবকদের আসামির তালিকায় অন্তর্ভুক্ত না করা এবং দীর্ঘদিনের গরু চুরি চক্রের মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তার করা।
বক্তারা বলেন, পাথারকান্দি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। কোনও গুজব বা উস্কানির মাধ্যমে সেই পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না। একইসঙ্গে তারা সতর্ক করে জানান, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।



