জুনিয়র ন্যাশনাল মুয়াই থাই চ্যাম্পিয়নশিপে আসামের সাফল্য, শিলচরে খেলোয়াড়দের সংবর্ধনা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জুন : উত্তরাখণ্ডের হলদ্বানিতে ১ থেকে ৪ জুন অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল মুয়াই থাই চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে শিলচরের কাংলাশা মার্শাল আর্টস অ্যাকাডেমির খেলোয়াড়রা। আসামের প্রতিনিধিত্বকারী এই দল থেকে দুইজন স্বর্ণপদক এবং একজন ব্রোঞ্জপদক জয় করে রাজ্যের ক্রীড়া মহলে গৌরব বয়ে এনেছেন। রাজ্যস্তরের প্রতিযোগিতায় কৃতিত্বের ভিত্তিতে কাংলাশা একাডেমির পীযূষ সিনহা, বিসমিল্লাহ খান, সাহিল সিংহ এবং লানলেই সিংহ জাতীয় পর্যায়ে আসামের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে আসাম থেকে মোট ৭৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৫১ কেজি বিভাগে পীযূষ সিনহা এবং ৫৪ কেজি বিভাগে বিসমিল্লাহ খান স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ৬০ কেজি বিভাগে সাহিল সিংহ ব্রোঞ্জপদক জয় করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বর্ণপদক অর্জনের পথে পীযূষ ও বিসমিল্লাহকে পাঁচটি করে কঠিন বাউটে জয়লাভ করতে হয়েছে, যা তাদের দক্ষতা ও অধ্যবসায়ের পরিচয় বহন করে।

মঙ্গলবার শিলচরে পৌঁছানোর পর কাংলাশা মার্শাল আর্টস একাডেমির পক্ষ থেকে পদকজয়ী খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। মাল্যদান ও শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে তাদের এই কৃতিত্বকে সম্মানিত করেন একাডেমির কর্মকর্তা, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং ক্রীড়াপ্রেমীরা। উপস্থিত সকলেই খেলোয়াড়দের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

এদিকে, ২০২৭ সালে মেঘালয়ে অনুষ্ঠিতব্য জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে কাংলাশা মার্শাল আর্টস একাডেমির খেলোয়াড়রা ইতোমধ্যেই নিবিড় প্রশিক্ষণ শুরু করেছেন। অ্যাকাডেমি সূত্রে জানা গেছে, ওই প্রতিযোগিতার জন্য রাজ্যস্তরের বাছাই পর্ব চলতি বছরের শেষ দিকে শিলচরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খেলোয়াড়দের এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে জাতীয় মঞ্চে আসামের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলবে বলে ক্রীড়ামহলের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *