ভূমিধসের নিহতদের স্মরণে মোনে প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : নাগাল্যান্ডের মোন টাউনের ডিফেন্স কলোনিতে সংঘটিত ভয়াবহ ভূমিধসে নিহতদের স্মরণে রবিবার কনিয়াক ব্যাপ্টিস্ট চার্চ মোন (KBCM)-এর উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়।
ডিআইপিআর (DIPR)-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোন জেলার ডেপুটি কমিশনার ভেন্যেই কোনিয়াক এই উদ্যোগের জন্য কেবিসিএম-কে ধন্যবাদ জানান। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁদের মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানান এবং ঈশ্বরের আশীর্বাদে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন।
ডেপুটি কমিশনার জানান, টানা ছয় দিন সরকারি সংস্থা ও স্থানীয় বাসিন্দাদের নিরবচ্ছিন্ন তল্লাশি ও উদ্ধার অভিযান সত্ত্বেও দুইজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁদের পরিবারের প্রতিও তিনি সংহতি প্রকাশ করেন।

তিনি বলেন, এ ধরনের দুর্যোগের সময় সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াতে হবে এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত মোন শহরকে পুনর্গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি ৪২ আসাম রাইফেলস, মোন পুলিশ, এসডিআরএফ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং শহরের বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদের সহযোগিতা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি মানবিক মূল্যবোধকে সর্বাগ্রে রেখে ভবিষ্যতের যেকোনও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

এছাড়া মুখ্যমন্ত্রী ড. নেফিউ রিও-র নেতৃত্বাধীন রাজ্য সরকার এবং মোন জেলার নয়জন নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি দুর্যোগকালে সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রয়াত পোমেইয়ের স্বামী ইয়িনাই এবং পরিবারের একমাত্র জীবিত সদস্য হেটওয়াং তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে মন্ত্রী সিএল জন ও তাঁর স্ত্রীও উপস্থিত ছিলেন। কনিয়াক ইউনিয়নের সভাপতি ইয়ামাও কোনিয়াক, কনিয়াক স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি তেমওয়াং কোনিয়াক এবং ইএনএসএফ-এর সভাপতিও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষপর্বে কেবিসিএম-এর পাদরি রেভারেন্ড এইচ. মোবা কোনিয়াক আশার বার্তা প্রদান করেন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচির নেতৃত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *