বরাক তরঙ্গ, ২৮ জুলাই : নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অসমে অনুষ্ঠিত আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র বিভাগ। পাশাপাশি, ওই আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ১৩ জনকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও জারি করা হয়েছে।
সোমবার রাতে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব অজয় তিওয়ারি এই সংক্রান্ত নির্দেশ জারি করেন। স্বরাষ্ট্র বিভাগের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত নিট-ইউজি পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদকে কেন্দ্র করে অসমে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে রাজ্যের কোনও পুলিশ কর্তৃপক্ষ ভবিষ্যতে আর কোনো প্রতিকূল আইনি ব্যবস্থা গ্রহণ করবে না। এছাড়া, তদন্ত বা বিচারপ্রক্রিয়া যে পর্যায়েই থাকুক না কেন, আইন অনুযায়ী সংশ্লিষ্ট সব মামলা প্রত্যাহারের প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হবে।
সরকার জানিয়েছে, ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দ্রুত মুক্তি দিয়ে এই বিষয়টির নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার না হলে ফের রাজ্যজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিল কোকরাঝাড় জনতা পার্টি (সিজেপি)।



