মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট: বাজারিছড়া বিজেপি বুথ সভাপতি তথা আরএসএস কর্মী বিকাশ ধর হত্যাকাণ্ডে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানালেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি কোনও নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও প্রশাসনকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিকাশ ধরের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেন বিধায়ক। লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকের বাজারিছড়া জিপির ছাগলমোয়া গ্রামের বাসিন্দা বিকাশ ধর ছিলেন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির বাজারিছড়া জিপির ৯ নম্বর বুথ সভাপতি। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর প্রতি সমবেদনা জানান আমিনুর রশিদ।
তিনি বলেন, একজন তরুণ ও সক্রিয় রাজনৈতিক কর্মীর এমন মর্মান্তিক পরিণতি অত্যন্ত বেদনাদায়ক। হত্যাকাণ্ডের পর দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারে শ্রীভূমি জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করলেও তিনি স্পষ্ট করে বলেন, গ্রেপ্তারই তদন্তের শেষ কথা নয়। হত্যার নেপথ্যের কারণ, পরিকল্পনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের ভূমিকা তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আনতে হবে।
বিধায়কের দাবি, তদন্ত কোনও রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক প্রভাবের ঊর্ধ্বে থেকে পরিচালিত হওয়া উচিত। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের পরিচয় বা রাজনৈতিক-ধর্মীয় অবস্থান বিবেচনা না করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনও নিরীহ ব্যক্তিকে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো যাবে না। বিকাশ ধরের মৃতদেহ উদ্ধারের পর বাজারিছড়া এলাকায় উত্তেজনা ও হামলার ঘটনাও তুলে ধরেন তিনি। নজরুল ইসলামের ওষুধের দোকানসহ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিধায়ক। তাঁর বক্তব্য, একজনের অপরাধের দায় কোনও নির্দোষ ব্যক্তি বা সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়া যায় না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীভূমি জেলা পুলিশ, পুলিশ সুপার নীলা দোলে এবং স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ভূমিকার প্রশংসা করেন আমিনুর রসিদ। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এলাকাবাসীর উদ্দেশে তাঁর বার্তা, প্রতিহিংসার পথে নয়, আইনের পথেই বিকাশ ধর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক ও ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। তাঁর মতে, বিকাশ ধরের রাজনৈতিক পরিচয়ের আগে তিনি একজন মানুষ; তাঁর পরিবারের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। একইসঙ্গে নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান বিধায়ক।



