হাইলাকান্দি যুব কংগ্রেস কর্মীদের রোষের মুখে বিধায়ক আমিনুল হক

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মে : হাইলাকান্দি কংগ্রেস ভবনে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় বৈঠকে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুল হক লস্কর। তবে ভবনে পৌঁছানোর পরই তিনি যুব কংগ্রেস কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষুব্ধ যুব কংগ্রেস সদস্যরা “মুর্দাবাদ” স্লোগান তুলে আমিনুল হক লস্করের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তাঁকে কংগ্রেস ভবন থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন।

বিক্ষোভকারীদের একাংশ বিধায়ককে “বিজেপির দালাল” বলেও আখ্যা দেয়। জানা গেছে, কিছুদিন আগে একটি বিজেপি কার্যালয়ে তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই ঘটনাকে ঘিরেই ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে বলে মনে করা হচ্ছে।

এদিনের ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা কংগ্রেসের অন্দরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *