বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : শারদ উৎসব উপলক্ষে শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে বুধবার এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সমাজের অসচ্ছল মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনার সভাপতি অনিল কুমার দাস, সম্পাদক রসরাজ দাস সহকারী সম্পাদক প্রশান্ত কুমার দাস এবং আইনজীবী ধর্মানন্দ দেব। এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় শাড়িগুলি আশ্রমকে দান করেন রাজু বনিক, বেনুলাল বর্মন, ড. রক্তিম দাস ও ঈশান পাটোয়া। তাঁদের এই সহযোগিতা মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার এক প্রশংসনীয় দৃষ্টান্ত।
স্বামী বিবেকানন্দের অমর বাণী, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” – এই আদর্শকে সামনে রেখেই রামকৃষ্ণ মঠ ও মিশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের সেবা করে আসছে। মানুষের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা এবং নিঃস্বার্থভাবে তাঁদের সেবায় আত্মনিয়োগ করাই এই আদর্শের মূল শিক্ষা।

ধর্ম, বর্ণ, জাতি কিংবা সামাজিক অবস্থানের ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমের এই উদ্যোগ সেই মানবিক মূল্যবোধকেই তুলে ধরে। দাতাদের সহযোগিতায় আয়োজিত এই বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শারদ উৎসবের আনন্দ অসচ্ছল মহিলাদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়।
স্বামী বিবেকানন্দের মানবসেবার দর্শনকে অনুসরণ করে আয়োজিত এই কর্মসূচি সমাজে সহমর্মিতা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বার্তা বহন করে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই উৎসবের প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া যায়।



