ডিমা হাসাওয়ের উন্নয়নে জোর, উচ্চপর্যায়ের বিভাগীয় পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ জুন : অসমের অন্যতম গুরুত্বপূর্ণ পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের সামগ্রিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় এক উচ্চপর্যায়ের বিভাগীয় বৈঠকে অংশ নিলেন জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে এসে তিনি ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদ (ডিএইচএসি)-এর সিইএম কনফারেন্স হলে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ডিএইচএসি-র প্রধান কার্যনির্বাহী সদস্য দেবলাল গারলোসা, পরিষদের চেয়ারম্যান মোহিত হোজাই, হাফলংয়ের বিধায়িকা রূপালি লাংথাসা, বিজেপির জেলা সভাপতি ধৃতি থাওসেন, পরিষদের এক্সিকিউটিভ মেম্বার ও সদস্যবৃন্দ, হিলস অ্যারিয়া ডেভেলপমেন্ট বিভাগের সচিব টিটি দাওলাগুপু, জেলা আয়ুক্ত গায়ত্রী দেবী দাস হাইলিঙ্গে, পুলিশ সুপার রিপুনজয় কাকতি এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা।

বৈঠকে সড়ক ও সেতু নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রামীণ উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপস্থাপনা করেন।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, ডিমা হাসাও শুধুমাত্র একটি পাহাড়ি জেলা নয়, বরং অসমের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি সরকারি প্রকল্পগুলির সময়মতো বাস্তবায়ন, স্বচ্ছতা বজায় রাখা এবং কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জনগণের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনকে আরও সক্রিয় ও জনমুখী হওয়ার নির্দেশ দেন।

বর্ষাকালে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। স্বাস্থ্য, শিক্ষা, যুবশক্তির ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণের ওপর জোর দেওয়া হয়। বৈঠকের শেষে জেলার উন্নয়নকে আরও গতিশীল করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বায়ত্তশাসিত পরিষদের মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান মন্ত্রী। সংশ্লিষ্ট মহলের মতে, এই পর্যালোচনা বৈঠক ডিমা হাসাওয়ের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *