চলন্ত বাসের মধ্যেই সন্তানের জন্ম, বিপদের সময় মানবিকতার পরিচয় দিয়ে প্রশংসা কুড়াল নৈশবাসের কর্মীরা

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : বিপদের মুহূর্তে মানবিকতার পরিচয় দিয়ে প্রশংসা কুড়িয়েছেন গুয়াহাটি থেকে ডিব্রুগড়গামী নৈশবাস ‘আইদেউজান’ এর কর্মীরা। বৃহস্পতিবার রাতে কাজিরাঙার কাছে জখলাবন্ধায় চলন্ত বাসের মধ্যেই এক মহিলা কন্যাসন্তানের জন্ম দেন। এমন জরুরি পরিস্থিতিতে বাসের চালক, হেলপার ও অন্যান্য কর্মীরা দ্রুত এগিয়ে এসে প্রসূতি মহিলাকে সাহায্য করেন।

জানা গেছে, যাত্রীতে পরিপূর্ণ বাসটিতে হঠাৎই প্রসবের পরিস্থিতি তৈরি হয়। সেই সময় বাসটি থামিয়ে পুরুষ যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর প্রসূতি মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন বাসের কর্মীরা। চালক বাবুল বরপাত্ৰ, রাকিব আহমেদ, সাহাবুদ্দিন-সহ কর্মীদের একটি দল নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করেন। তাঁদের তৎপরতার মধ্যেই বাসের ভিতরে একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম হয়।

সন্তান জন্মের পর মা ও নবজাতককে প্রাথমিক সহায়তা প্রদান করা হয়। পরে বাসের কর্মীরাই অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে মা ও শিশুকে কাছের হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন।

এদিকে, বাসের মালিকও মানবিকতার পরিচয় দিয়ে নবজাতকের পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেছেন বলে জানা গেছে।

যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে এক প্রসূতি মহিলা ও নবজাতকের পাশে দাঁড়িয়ে বাসের কর্মীরা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এই তৎপরতা ও সহযোগিতার মনোভাব সর্বত্র প্রশংসিত হচ্ছে।

এই ঘটনা আরও একবার প্রমাণ করল, সংকটের মুহূর্তে সময়মতো এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একজন মা ও নবজাতকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *