দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুন : শিলচর বার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিশিষ্ট আইনজীবী দীপককুমার দেব। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৩১৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমিতা সোমকে পরাজিত করেন। সুমিতা সোমের প্রাপ্ত ভোট ১৯৬। উপসভাপতি পদে পঙ্কজকান্তি দে ৩৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভাশিস চক্রবর্তী পান ২১১ ভোট। মহিলা উপসভাপতি পদে তুহিনা শর্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সম্পাদক পদে অমলাভ দাশ ২৫০ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী টিংকু বৈদ্য ১৯৫ ভোট পান। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন আলি রাজা ওসমানি এবং মহিলা যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হন পঞ্চমী নাথ।
এছাড়াও সহ সম্পাদক (সাধারণ প্রশাসন) পদে দেবদুলাল চৌধুরী, সহ সম্পাদক (ক্রীড়া) পদে রমেশ সিং এবং সহ সম্পাদক (সাংস্কৃতিক) পদে দুর্গা পুরকায়স্থ নির্বাচিত হন।
নির্বাচন প্রক্রিয়ায় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন আইনজীবী শান্তনু নায়েক। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ার পর ফলাফল ঘোষণা করা হয়।
নতুন কমিটি গঠনের পর শিলচরের আইনজীবী মহলে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বার অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সদস্যদের মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।



