১৯ নভেম্বর : উত্তাল বাংলাদেশে, বাড়ছে অশান্তি। নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল কর্মসূচির আগেই অশান্তি ছড়িয়েছে একাধিক জায়গায়। ১৯ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঢাকায় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বিডিনিউজ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, হাসিনার দলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় পুলিশ ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন। তাঁকে বুধবার মধ্যরাতে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার কালিয়া উপজেলায় বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। সেখানেই সংঘর্ষে সোহেল রানা-সহ দুই বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোহেলের দিদি জ্যোতি, ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, ভাইয়ের বিচার চেয়ে, জ্যোতির কাতর আর্তি, ‘‘লাশ নেব না, আমার ভাইকে জীবন্ত ফিরিয়ে দাও। ভাইকে আমি খুলনায় নিয়ে গিয়েছি। আমার ভাইয়ের হাত–পায়ের শিরা কাটা, গলা কাটা, মাথায় গুলি…।’




