২৯ সেপ্টেম্বর : মায়ান্মারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৮ জন। সোমবার কিয়াউকতাও শহরের ওই বাজারে মায়ানমারের বায়ুসেনার যুদ্ধবিমান থেকে বোমা ফেলার অভিযোগ করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। উদ্ধারকারী দলের এক কর্মকর্তাও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরাকান আর্মির এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার একটি যুদ্ধবিমান থেকে বাজারের ওপর দু’টি বোমা ফেলা হয়। হামলায় নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক। তাঁদের মধ্যে অস্থায়ী ও স্থায়ী দোকানদারদের পাশাপাশি সাধারণ পথচারীরাও রয়েছেন।
রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অং জানিয়েছেন, কিয়াউকতাওয়ের ওই বাজারটি একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার। সেখানে সবসময়ই মানুষের ভিড় থাকে। রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা সেখানে কেনাকাটা করতে আসেন।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে বাজার এবং আশপাশের কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। কয়েকটি গাড়ি ও বাসেও আগুন ধরে যায়। বিমান হামলায় বাজার সংলগ্ন একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে মায়ান্মারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে সংঘাত অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভে সেনা দমন-পীড়নের পর বিভিন্ন বিরোধী গোষ্ঠী সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী ও গণতন্ত্রপন্থী সশস্ত্র বাহিনীর সংঘর্ষ চলছে।
রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সেই এলাকাতেই সোমবারের এই বিমান হামলার ঘটনা ঘটেছে।



