বরাক তরঙ্গ, ২০ আগস্ট : হাইলাকান্দির জানকীবাজারের ডলিডহর গ্রামে জলে ডুবে পাঁচ বছরের শিশু রিজওয়ান আহমেদ লস্করের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, ১৯ আগস্ট সকালে রিজওয়ানের বাবা আবুল হোসেন লস্কর মাছ ধরতে ফেরেঙ্গি বিলে যান। কিছুক্ষণ পর বাবাকে খুঁজতে শিশুটিও বাড়ি থেকে বেরিয়ে বিলের দিকে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বিলের মধ্যে একটি গর্ত থেকে রিজওয়ানকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটিকে দ্রুত আলগাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের হাতে রিজওয়ানের মরদেহ তুলে দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে ডলিডহর গ্রাম। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।



