মঠঘরিয়ার দুর্ঘটনাকাণ্ড : গ্রেফতার চালক সেলিম, আটক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : গুয়াহাটি মহানগরীর মঠঘরিয়ায় ঘটে যাওয়া ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মামলায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকচালককে আটক ও ডিব্রুগড়ের লাহোয়াল এলাকা থেকে দুর্ঘটনাগ্রস্ত বাহনের চালক সেলিম আহমদকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, মঠঘরিয়ায় ভয়াবহ দুর্ঘটনার পর তিন যুবতীকে নিথর অবস্থায় গাড়ির ভিতরেই ফেলে রেখে পালিয়ে গিয়েছিল সে। পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নুনমাটির নেপালি চক এলাকা থেকে মরিগাঁও জেলার নেলীর বাসিন্দা সুভাষ পাটরকে আটক করেছে পুলিশ। নুনমাটি থানার পুলিশ দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, রবিবার ভোরে গুয়াহাটি গেট হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মঠঘরিয়া এলাকার গেট হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে প্রবল ধাক্কা খায় AS 01 GP 0561 নম্বরের একটি সুইফট গাড়ি। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিন যুবতীর করুণ মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ছিলেন বঙাইগাঁও জেলার নোয়াপাড়া এলাকার আমিনা আহমদ, গোয়ালপাড়ার পূজা সাহা এবং শিবসাগরের আকাঙ্ক্ষা শইকিয়া। তিনজনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *