মাইবাঙে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : পয়লা বৈশাখের ভোরে মাইবাঙে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদের সদস্য মঞ্জয় লাংথাসা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

বুধবার ভোর প্রায় পাঁচটার দিকে মাইবাং রেলওয়ে স্টেশন সংলগ্ন বাজার এলাকার সুভাষনগরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ‘আশীর্বাদ’ নামের একটি বেকারির খুচরো দোকানসহ মোট আটটি দোকান ও দু’টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কিছু রেলযাত্রী প্রথমে আগুন দেখতে পান এবং আশপাশের মানুষকে সতর্ক করেন। পরে স্থানীয়রা ছুটে এসে দেখেন, আগুন দ্রুত ছড়িয়ে পুরো এলাকাকে গ্রাস করছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি ফাস্টফুড দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়, যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই অগ্নিনির্বাপক বাহিনী ও মাইবাং থানায় খবর দেওয়া হলেও দমকল প্রায় এক ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আটটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দু’টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *