মহারাসলীলা ঘিরে উনামগ্রামে সাজ সাজ রব

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৪ নভেম্বর উনামগ্রামের ঐতিহাসিক রাধামাধবজিউ দালান মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীশ্রী কৃষ্ণের ৮৯তম শারদীয় মহারাসলীলা। ৮৮ বছরের ঐতিহ্য ও ভক্তির পরম্পরাকে অক্ষুণ্ণ রেখে এবারের মহোৎসবকে সফল করে তুলতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণ সাজানো থেকে শুরু করে শিল্পীদের নৃত্য ও সংগীতের মহড়া—সব মিলিয়ে উৎসবের আবহে মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর পাথারকান্দি।

বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ এই মহারাসলীলা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভক্তি, আধ্যাত্মিকতা ও মণিপুরী সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্র। শ্রীকৃষ্ণ, রাধিকা ও ব্রজগোপিনীদের চিরন্তন প্রেমলীলা নৃত্য, গীত ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হবে এবারের আসরে।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর সকাল ১০টায় রাখাল বালকদের গোষ্ঠীলীলা পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপী কর্মসূচি। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মঙ্গল আরতি। এরপর শুরু হবে রাতের অন্যতম আকর্ষণ চৌদ্দবাদল মহাসংকীর্তন। এতে বাংলাদেশ, মণিপুর, ত্রিপুরা-সহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট মৃদঙ্গবাদক ও সংকীর্তন শিল্পীদের অংশগ্রহণের কথা রয়েছে। তাঁদের সম্মিলিত পরিবেশনায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে হরিনাম সংকীর্তন ও মৃদঙ্গের ছন্দে।
রাত ৯টায় অনুষ্ঠিত হবে অতিথি সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা অসম সরকারের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

এরপর রাত ১১টা থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত ৮৯তম শারদীয় মহারাসলীলার মূল পর্ব। নৃত্য, গীত ও অভিনয়ের মধ্য দিয়ে শিল্পীরা মঞ্চে ফুটিয়ে তুলবেন বৃন্দাবনের চিরন্তন কৃষ্ণলীলা। রাতভর চলবে এই পবিত্র অনুষ্ঠান।

উল্লেখ্য, উনামগ্রামের পাশাপাশি মন্ত্রীগ্রাম ও শিবেরগুল এলাকাতেও মহারাসলীলা উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচিকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি ও আধ্যাত্মিক মূল্যবোধ পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *