বরাক তরঙ্গ, ১০ মে : অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় শিকার অভিযানে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। শিকারের সময় সঙ্গীর গুলিতে দুর্ঘটনাবশত মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে তিরুং গ্রাম ও লিংডংথং এলাকার মধ্যবর্তী বনাঞ্চলে।
নিহত ব্যক্তির পরিচয় লংখোন লামা (৫৪) হিসেবে জানা গেছে। তিনি বোর্দুরিয়া গ্রামের বাসিন্দা। শনিবার বিকেল প্রায় ৫টা নাগাদ শিকারে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর।
তিরাপ জেলায় শিকার বহু পুরনো ঐতিহ্যের অংশ। বিশেষত নক্টে ও ওয়ানচো জনজাতির মানুষের জীবিকা, খাদ্য সংগ্রহ এবং সাংস্কৃতিক রীতিনীতির সঙ্গে শিকার ওতপ্রোতভাবে জড়িত। ঘটনার পর বোর্দুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।



