বরাক তরঙ্গ, ১২ আগস্ট : মরিগাঁও জেলার লাহরিঘাট পুলিশের জিম্মায় থাকার সময় অসুস্থ হয়ে পড়া এক অভিযুক্তের চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে মৃত্যু হওয়ার ঘটনায় অঞ্চলজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত হওয়া ব্যক্তির নাম রহুল আমিন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শনিবার রাতে লাহরিঘাট বাজারে এক ব্যবসায়ীকে আক্রমণের চেষ্টা ও হাতাহাতির অভিযোগে পুলিশ রুহুল আমিনকে গ্রেফতার করেছিল। রবিবার ধৃত রহুলকে আদালতে হাজির করানোর পর আদালত তাকে দুই দিনের জন্য পুলিশের জিম্মায় প্রেরণ করে। সোমবার পুলিশের জিম্মায় থাকা রহুল আমিন হঠাৎ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গেই লাহরিঘাট আদর্শ চিকিৎসালয়ে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়। পরবর্তী সময়ে তাকে জিএনআরসি হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে রহুল আমিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যদিকে, মৃতের পরিবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে জানান , রুহুল আমিন দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগে আক্রান্ত ছিলেন। তবে পুলিশের জিম্মায় থাকার সময় তাকে দৈনিক প্রয়োজনীয় ওষুধ সেবন করতে পুলিশ বাধা প্রদান করায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে , পুলিশের জিম্মায় থাকা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়ায় পরিবারের যে অভিযোগ এর বিরুদ্ধে ন্যায়িক তদন্ত দাবি করেছেন মানবাধিকার সংগ্রাম সমিতির সভাপতি বুবুমণি গোস্বামী। আজ মৃতদেহ আসার সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় গাড়িয়ে গাড়িয়ে পুলিশ ও এসএসবি জওয়ান এনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।



