মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : দ্বীনি শিক্ষার প্রসার, ইসলামি মূল্যবোধের বিকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে উত্তর পূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের অধীন কাঁঠালতলি আঞ্চলিক এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের উদ্যোগে ২০২৬ সালের ছবাহি মক্তব ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার কাঁঠালতলির দক্ষিণ বাঘন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি অভিভাবক ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা হয় কোরান তিলাওয়াতের মাধ্যমে। পরে সংগঠনের পতাকা উত্তোলন এবং অতিথিদের গামোছা ও বেইজ পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের মূল আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা।
বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা একজন শিক্ষার্থীর নৈতিক ও চারিত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সততা, শৃঙ্খলা, মানবিকতা, সহনশীলতা ও আল্লাহভীতির মতো মূল্যবোধ গড়ে তুলতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের ওপরও সমান গুরুত্বারোপ করা হয়, যাতে শিক্ষার্থীরা দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

আলোচনায় অভিভাবকদের সন্তানদের নৈতিক শিক্ষায় আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টাতেই আদর্শ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এছাড়া গ্রামীণ এলাকায় কোরআন শিক্ষা ও প্রাথমিক দ্বীনি শিক্ষা বিস্তারে ছবাহি মক্তবগুলোর ভূমিকারও প্রশংসা করা হয়।
আলোচনা শেষে ২০২৬ সালের ছবাহি মক্তব ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ৩৯ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র, বই ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে এ সময় আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালতলি আঞ্চলিকের কাজিয়ে শরিয়ত মাওলানা আব্দুল মন্নান। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক নদওয়ার সভাপতি শিক্ষক আব্দুস সালাম। বক্তব্য দেন মওলানা সাহাব উদ্দিন, মওলানা এনামুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল হক, হাফিজ মুখলিছুর রহমান, মওলানা বদরুল ইসলাম, মওলানা হাফিজ সায়িদ আতহার, মওলানা রিয়াজউদ্দিন আল-জলিলী, এসএ তালহা সাবেরি, শিক্ষক জাকির হোসেনসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আব্দুস সালাম।
উল্লেখ্য, কাঁঠালতলি আঞ্চলিকের অধীন ৯টি ছবাহি মক্তব থেকে ৩৯ জন পরীক্ষার্থী ২০২৬ সালের ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়। এই কৃতিত্বকে স্মরণীয় করে তুলতেই তাদের সংবর্ধনা, সনদ, বই ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।



