
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অসম বাৰ্তাজীবী সংঘের ৫৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপন চলছে। এর অঙ্গ হিসেবে ধেমাজি জেলা সাংবাদিক সংস্থার উদ্যোগে এবং জোনাই প্রেস ক্লাবের সহযোগিতায় জোনাই প্রেস ক্লাব প্রাঙ্গণে অসম বার্তাজীবী সংঘের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। বুধবার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধেমাজি জেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক গৌতম পেগু এবং প্রবীণ সাংবাদিক প্রফুল্ল কামান অসম বার্তাজীবী সংঘের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা সংগঠনের প্রতিষ্ঠার তাৎপর্য এবং সাংবাদিকদের স্বার্থরক্ষা ও পেশাগত উন্নয়নে সংগঠনের ভূমিকা সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাই প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক মনোজকুমার প্রজাপতি, প্রাণজিৎ দলে, সুরজ কুমার পাণ্ডে, ধীরাজ মিরি, রাহুল দলে, অজয় মেদক ও করবী দলে সহ অন্যান্য সাংবাদিকরা। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ দিকে, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিহপুরীয়ায় এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিহপুরীয়া জুবিন গর্গের মূর্তি স্থাপন সমিতির সহযোগিতায় লখিমপুর জেলা সাংবাদিক সংস্থার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এই কর্মসূচিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়।




