আসাম বিশ্ববিদ্যালয়ে ‘খেল কি বাত’ সরাসরি সম্প্রচার

Spread the news

জীবনের লক্ষ্য পূরণে ইতিবাচক মানসিকতা জরুরি : উপাচার্য পন্থ_____

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : কিংবদন্তি ভারতীয় হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অংশ হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড ও জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) সেল-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত হল ‘খেলো ইন্ডিয়া সংবাদ ২০২৬’। বেলা ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, আধিকারিক ও কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের সূচনায় ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, রাঁচির প্রাক্তন প্রধান ও ডিন অধ্যাপক শ্যামরঞ্জন কুমার এবং সিকিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ভেনু পন্থকে সংবর্ধিত করা হয়। এছাড়াও প্রাক্তন রাজ্যস্তরের খেলোয়াড় সুমন্ত কুমার দাসকেও ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ শরীর, মন ও মানসিকতার সুস্থতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জীবনের লক্ষ্য অর্জনের জন্য সুস্থ শরীর, সজাগ মন এবং ইতিবাচক মানসিকতা অত্যন্ত জরুরি। নিজের ক্রীড়াজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শারীরিক সক্ষমতা, মানসিক সতর্কতা ও ইতিবাচক মনোভাবকে ব্যক্তিগত বিকাশ ও উৎকর্ষের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘খেলো ইন্ডিয়া সংবাদ ২০২৬—খেল কি বাত, পিএম কে সাথ’ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিরেক্টর ও উপদেষ্টা অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য এবং বিভিন্ন বিভাগ ও বিষয়ের শিক্ষক ও কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের নিয়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। বিপিনচন্দ্র পাল মিলনায়তনে ছাত্রছাত্রীরা ক্রীড়া, শারীরিক সক্ষমতা, যুব উন্নয়ন এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে তাঁদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন। বিশিষ্ট অতিথিদের সঙ্গে এই সরাসরি মতবিনিময় অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *