ধলাইয়ে কোয়ার্টার ফাইনালে লোকাল এফসি সপ্তগ্রাম

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে এবার তৃতীয় দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট আদায় করলো লোকোল এফসি সপ্তগ্রাম। বৃহস্পতিবার টানটান উত্তেজনাপূর্ণ ও তীব্র প্রতিদ্বন্দিতামূলক খেলায় প্রতিপক্ষ এপি ধলাই-কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে তারা। 

ধলাইর বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধের টানটান উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশ রোমাঞ্চকর হয়ে উঠে ম্যাচ। কোন দলই প্রথমার্ধের খেলায় গোল করতে সক্ষম হয়নি। আবহাওয়া অত্যন্ত প্রতিকূল থাকায় দর্শকরা দারুণ ভাবে খেলা উপভোগ করেন। এদিন মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটে, মাঠের চারিদিকের গ্যালারিতেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।

প্রথমার্ধের খেলায় কোন গোল না হওয়ায় দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে উঠে উভয় দল। জয়সূচক গোলের তাগিদে লোকাল এফসি সপ্তগ্রাম দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও তীব্রতর করে তুলে । মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণ চালায়। খেলার ৪১ মিনিটে রেমকুঙ্ ও ৬৫ মিনিটে জেসন পর পর দুটি দুর্দান্ত গোল করে লকেল এফসি সপ্তগ্রাম দলকে ২-০ গোলে এগিয়ে দেন। ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় এপি ধলাই। শেষ পর্যন্ত ২-০ গোলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় লকেল এফসি সপ্তগ্রাম । রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে হর্ষোল্লাসে ফেটে পড়েন লকেল এফ.সি সপ্তগ্রাম দলের সমর্থকরা। এই জয়ের ফলে তৃতীয় দল হিসাবে চলমান মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালের স্থান পাকা করে লকেল এফ.সি সপ্তগ্রাম ।

ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন মার্লো। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী নজরুল ইসলাম লস্কর, সাদ্দাম হোসেন বড়ভূইয়া, গিয়াস উদ্দিন লস্কর ও আব্দুল হোসেন লস্কর। খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, ইজাজ আহমদ লস্কর, কৃশ্চিয়ানা মার ও শাহিদ চৌধুরী। শুক্রবার ‘এ’ গ্রুপ থেকে অন্তিম দল হিসাবে দ্বিতীয় রাউণ্ডের খেলায় জামিরখালের ডাইবার্লং এফসি ও মোহনখালের আরমান ফার্নিচার এফসি মোকাবিলা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *