মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : শ্রীভূমির পাথারকান্দি থানাধীন বৈঠাখাল জিপির হরিবাসর এলাকায় পুকুর থেকে এক জলমিত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম পূর্ণ গোয়ালা (৫৫)। বৃহস্পতিবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। এরই মধ্যে স্থানীয় বাসিন্দারা একটি পুকুরপাড়ে পূর্ণ গোয়ালার মোবাইল ফোন ও ব্যবহৃত কিছু কাপড় পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করেন। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর পুকুরের জল থেকে পূর্ণ গোয়ালার নিথর দেহ উদ্ধার করা হয়।
খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি শ্রীভূমি সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি দুর্ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। পাশাপাশি ঘটনার অন্যান্য সম্ভাব্য দিকও খতিয়ে দেখছে পুলিশ।
পূর্ণ গোয়ালার আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। কীভাবে তিনি পুকুরের জলে পড়লেন এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হল, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।



