আন্তর্জাতিক খেলাধুলা দিবস উদযাপনে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : বৃহস্পতিবার আন্তর্জাতিক খেলাধুলা দিবস উপলক্ষে শিলচরের ইটখোলা হিন্দি পাঠশালায় বিশেষ কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। রাষ্ট্রসংঘের উদ্যোগে পালিত এই দিবসটি শিশুদের খেলাধুলা, শিক্ষা এবং সুস্থ বিকাশের অধিকার রক্ষার লক্ষ্যে উৎসর্গীকৃত। ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটায়। এ সময় প্রকল্পের চেয়ারপার্সন দেবশ্রী চৌধুরী, মিনারা লস্কর ও পুষ্পবতী রায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেট, ফুটবল, লুডোসহ বিভিন্ন বিনোদনমূলক খেলায় অংশ নেন ক্লাব সদস্যরা। পাশাপাশি শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী, ফলের রস, কেক, বিভিন্ন ধরনের খেলনা, ক্রিকেট ব্যাট ও বল, ফুটবলসহ নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিশুদের কাছে আন্তর্জাতিক খেলাধুলা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং খেলাধুলা যে একটি শিশুর সর্বাঙ্গীণ বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, সেই বার্তা পৌঁছে দেওয়া। বিদ্যালয় কর্তৃপক্ষ লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *