১১ জুন : ওড়িশার ভুবনেশ্বরে অল্পের জন্য এড়ানো গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর রেলস্টেশনের নিকটবর্তী ঝাড়পাড়া ওভারব্রিজ এলাকায় দুটি ট্রেন একই লাইনে এসে মুখোমুখি দাঁড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত ব্রেক কষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করা হচ্ছে।
রেল সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দুটি ট্রেন একই ট্র্যাকে চলে আসায় মুহূর্তের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কয়েক সেকেন্ড দেরি হলে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার জেরে ওই রুটে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মুখোমুখি চলে আসা ট্রেনগুলির মধ্যে একটি ছিল কোনার্ক এক্সপ্রেস। অপর ট্রেনটির পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কীভাবে দুটি ট্রেন একই লাইনে প্রবেশ করল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার পর সামনে এসেছে দুটি ট্রেনের মুখোমুখি দাঁড়িয়ে থাকার ছবি। তবে ট্রেন দুটির মধ্যে সরাসরি ধাক্কা লেগেছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞ দল। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি নাকি মানবিক ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালাসোরে দেশের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল। শালিমার-চেন্নাই করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস, একটি মালবাহী ট্রেন এবং হাওড়া-যশবন্তপুর হামসফর সুপারফাস্ট এক্সপ্রেসের সংঘর্ষে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ভুবনেশ্বরের এই ঘটনা সেই মর্মান্তিক স্মৃতিকেই আবারও মনে করিয়ে দিয়েছে এবং রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।



