স্কুল চলাকালীন শ্রেণিকক্ষে ঘুমন্ত প্রধানশিক্ষকের ছবি ভাইরাল, তদন্তের দাবি স্থানীয়দের

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : স্কুলের শ্রেণিকক্ষে প্রধানশিক্ষকের ঘুমিয়ে থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি বরাক তরঙ্গ। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, একজন প্রধানশিক্ষক শ্রেণিকক্ষের বেঞ্চে শুয়ে রয়েছেন। বিষয়টি নিয়ে নবনির্বাচিত দুই বিধায়কসহ হাইলাকান্দি শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

জানা গেছে, ঘটনাটি বোয়ালিপার প্রথম খণ্ড এলাকার ৫ নম্বর আনোয়ারপার এলপি স্কুলের। ছবিটি প্রকাশ্যে আসার পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধানশিক্ষক দায়িত্ব পালনে অবহেলা এবং পাঠদানে অনিয়মের কারণে স্কুলের শিক্ষার মান ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন প্রকল্প নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।

প্রধানশিক্ষকের ঘুমিয়ে থাকার ঘটনাটি নজরে আসার পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সরকারি প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের স্বার্থে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। স্থানীয় বাসিন্দারা হাইলাকান্দি জেলা শিক্ষা আধিকারিকের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *