মণিপুরে ফের অশান্তির আগুন, কামজং জেলায় পুড়লো কুকি গ্রাম

Spread the news

বরাক তরঙ্গ, ৭ মে : নাগাল্যান্ড জয়েন্ট ক্রিশ্চিয়ান ফোরাম (এনজেসিএফ)-এর পক্ষ থেকে কুকি ও তাংখুল (কাছা-নাগা) সম্প্রদায়ের মধ্যে দু’মাসের যুদ্ধবিরতির আবেদন জানানোর ঠিক একদিন পরেই মণিপুরের কামজং জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অভিযোগ, লাঞ্চাহ নামে একটি কুকি গ্রাম আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

এই অগ্নিকাণ্ডে গ্রামের একাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, মণিপুরের পাহাড়ি এলাকাগুলিতে চলমান অশান্তির মধ্যেই এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লাঞ্চা গ্রামের ধ্বংস নতুন করে উদ্বেগ বাড়িয়েছে শান্তি ও নিরাপত্তা নিয়ে।

এদিকে, নাগাল্যান্ড জয়েন্ট ক্রিশ্চিয়ান ফোরাম তাদের আবেদনে সংঘাতের পরিবর্তে সংলাপ, সংযম ও সম্প্রীতির পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিল। কিন্তু তার পরদিনই এই অগ্নিকাণ্ডের ঘটনা শান্তি প্রচেষ্টার উপর বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
মানবাধিকার সংগঠন ও বিভিন্ন মহল অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়া রুখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *