স্বাধীনতা দিবসের আগে ‘তিরঙ্গা বিক্রয় কেন্দ্র’ উদ্বোধন করলেন কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট :
স্বাধীনতা দিবসকে সামনে রেখে অসমজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির প্রস্তুতি জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার গোলাঘাট জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে ‘তিরঙ্গা বিক্রয় কেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (ASRLM)-এর অধীনে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পরিচালনায় এই কেন্দ্রটি চালু করা হয়েছে। এর উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস শুধুমাত্র একটি জাতীয় উৎসব নয়, এটি প্রতিটি ভারতবাসীর আত্মমর্যাদা, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতীক। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের যে আহ্বান জানানো হয়েছে, এই বিক্রয় কেন্দ্র সেই উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, “এই উদ্যোগের ফলে একদিকে সাধারণ মানুষের কাছে সহজেই জাতীয় পতাকা পৌঁছে দেওয়া সম্ভব হবে, অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে।” নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে রাজ্য সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, তিরঙ্গা বিক্রয় কেন্দ্রের মতো উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাঘাটের জেলা আয়ুক্ত বিশ্বজিৎ ফুকন, বিজেপির গোলাঘাট জেলা সভাপতি চন্দন জ্যোতি ঠাকুর, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, ASRLM-এর কর্মকর্তারা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য-সদস্যারা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *