মুনলাইট স্পোর্টস অ্যাকাডেমির ফুটবলারদের ক্রীড়াসামগ্রী প্রদান করল ‘খোঁজ শিলচর’

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুলাই : কাবুগঞ্জের মুনলাইট স্পোর্টস অ্যাকাডেমিতে ফুটবল ও ক্রিকেটে ছেলে-মেয়েদের দীর্ঘদিন ধরে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছেন অ্যাকাডেমির কোচ ও কর্মকর্তারা। তাদের আমন্ত্রণে সম্প্রতি একাডেমি পরিদর্শনে যায় সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ‘খোঁজ শিলচর’-এর একটি প্রতিনিধি দল।

এদিন সংগঠনের পক্ষ থেকে একাডেমির ১২ জন ফুটবল খেলোয়াড়ের হাতে হলুদ রঙের জার্সি, প্যান্ট এবং একটি ফুটবল তুলে দেওয়া হয়। ক্রীড়াসামগ্রী পেয়ে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একাডেমির পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে ‘খোঁজ শিলচর’-এর সাধারণ সম্পাদক বলেন, ভবিষ্যতেও খেলোয়াড়দের জন্য আরও বেশি ক্রীড়াসামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি একাডেমির কোচ রশিদ আহমেদকে নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

জানা যায়, খেলোয়াড়দের জন্য জার্সিগুলো জন্মদিন উপলক্ষে প্রদান করেন স্মিথ লস্কর এবং ফুটবলটি উপহার দেন ‘খোঁজ শিলচর’-এর সদস্য গৌতম পাল। গৌতম পাল বলেন, খেলাধুলার উন্নয়নে এবং প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়াতে তিনি সবসময় প্রস্তুত।

সংগঠনের ক্রীড়া সম্পাদিকা তাহেরা লস্কর বলেন, গ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন এলাকায় গিয়ে ক্রীড়াসামগ্রী বিতরণ করা ‘খোঁজ শিলচর’-এর অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে এই একাডেমি থেকে আরও দক্ষ খেলোয়াড় উঠে এসে এলাকার নাম উজ্জ্বল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে অ্যাকাডেমির কোচ রশিদ আহমেদ উপস্থিত সকলকে এবং সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদপত্রের সহযোগিতার কারণেই তাঁদের কার্যক্রম মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং খেলোয়াড়দের উৎসাহ আরও বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *